গাইবান্ধায় জুলাই শহীদদের কবর নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
জুলাই শহীদদের কবর নির্মাণ টাকা আত্মসাতের অভিযোগ

গাইবান্ধায় জুলাই শহীদদের কবর নির্মাণের টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) জুলাই শহীদ পরিবারের উদ্যোগে গাইবান্ধা প্রেস ক্লাবে মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ছয়জন জুলাই শহীদের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জেলা নাগরিক পার্টির শীর্ষ কয়েকজন নেতা শহীদ পরিবারদের বাদ দিয়ে পতিত আওয়ামী লীগ প্রতিষ্ঠায় কাজ করছে। পাশাপাশি জেলা পরিষদের প্রায় ৫ লাখ টাকা অনুদানে ছয় জুলাই শহীদের কবর পাকাকরণের কাজ সম্পন্ন না করে দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে।

এ বিষয়ে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ বলেন, গাইবান্ধা জেলার ছাত্রশক্তির এক নেতা সব বিল তুলে নিয়ে গেছে। এ অনিয়মের বিষয়ে জেলা প্রশাসককে মৌখিকভাবে অবগত করলেও কোনো এক অদৃশ্য কারণে ব্যবস্থা নেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা জেলার ছাত্রশক্তির আহ্বায়ক মেহেদী হাসান বলেন, আমার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রকল্পের সব কাজ এখনো শতভাগ সম্পন্ন হয়নি। প্রশাসন ও শহীদ পরিবারের সঙ্গে সমন্বয় করে বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে শহীদ শাকিলুরের সহধর্মিণী শারমিন, আরিফুলের সহধর্মিণী হালিজা বেগম, নাজমুলের মা গোলেবান, জুয়েল রানার মা জমিলা বেগম ও সুজনের সহধর্মিণী লাইজু বেগম উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ