অনলাইন জুয়ার টাকার জন্য স্ত্রীকে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার
অনলাইন জুয়ার টাকায় স্ত্রী হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে মাজারুল ইসলাম সবুজ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নির্যাতনের একটি ভিডিও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার বিবরণ

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মাজারুল ইসলাম সবুজের সঙ্গে প্রায় ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়া (২৬) নামে এক নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। জুয়ার জন্য তিনি স্ত্রীর কাছে টাকা দাবি করতেন এবং বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি তিনি নিজের বেতন ও তার মায়ের বেতনের প্রায় ৭০ হাজার টাকা অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হত্যাচেষ্টার ঘটনা

মামলার এজাহারে তানিয়া উল্লেখ করেন, গত ৯ জুন সন্ধ্যায় জুয়া খেলায় বাধা দিলে সবুজ তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তিনি তানিয়ার কাছে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার দাবি জানান। পরে দুই সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, গত ১৩ জুন সকালে ফোন করে আবারও ওই টাকা দাবি করেন সবুজ। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলা ১১টার দিকে তিনি ব্রাহ্মন্দী মধ্যপাড়ায় শ্বশুরবাড়িতে যান। পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর এবং গলা টিপে হত্যার চেষ্টা করেন।

এ সময় তানিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে আহত অবস্থায় তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।