জামায়াত এমপির মেয়ের নাম অনুদান তালিকায়, সতর্ক করল দল
জামায়াত এমপির মেয়ের নাম অনুদান তালিকায়, সতর্ক করল দল

নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের জামায়াতের দলীয় সংসদ সদস্য আতাউর রহমানের (বাচ্চু) ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তাঁর এক মেয়ের নাম থাকায় দলের পক্ষ থেকে তাঁকে সতর্ক করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে নিজের ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করেছেন সংসদ সদস্য। আজ রোববার পৃথক দুটি চিঠিতে এসব তথ্য জানা গেছে।

দলের সতর্কবার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ২৮ জুন ২০২৬ তারিখে জানিয়েছেন, “সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের নড়াইল-২ আসনের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য জনাব আতাউর রহমান বাচ্চুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।”’

পিএসকে বরখাস্ত

সংসদ সদস্যের প্যাডে তাঁর স্বাক্ষরিত আদেশপত্রে লেখা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে দায়িত্ব পালনে অবহেলার কারণে বরখাস্ত করা হলো। আদেশটি ২৮/০৬/২০২৬ ইং তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।’ বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পিএসকে বরখাস্তের আদেশপত্রটি পোস্ট করেছেন সংসদ সদস্য আতাউর রহমান। তবে এ বিষয়ে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পিএসের বক্তব্য

এ ব্যাপারে জানতে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে ফোন দিলে তিনি বলেন, ‘বরখাস্তের চিঠি এখনো তাঁর হাতে পৌঁছায়নি।’ এরপর এমপির করা দায়িত্ব অবহেলার অভিযোগ ও ঐচ্ছিক অনুদানের তালিকা প্রণয়নে তাঁর ভূমিকার ব্যাপারে জানতে চাইলে তিনি আর কোনো কথা বলেননি। পরে একাধিকবার ফোন দিলেও তাঁকে আর পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ