নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে হামলা, ডিবির ৫ সদস্য আহত
নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে হামলা, ডিবির ৫ সদস্য আহত

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে।

হামলায় আহত পুলিশ সদস্যরা

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই হায়দার আলী (রানা), এএসআই মো. সাকিব, কনস্টেবল আমিনুল ইসলাম, খোকন ও রনজিৎ সিংহ। তাদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

মাদক কেনার ভুয়া ক্রেতা সেজে অভিযান

পুলিশ জানায়, শনিবার রাতে মাদক কেনার জন্য ক্রেতা সেজে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় পুলিশ অভিযান চালালে অভিযুক্ত ব্যক্তিরা হামলা চালায়। একপর্যায়ে দুজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুটি মামলা, দুজন আটক

ঘটনায় রোববার দুপুরে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে। এসআই হায়দার আলী বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন। বিশেষ ক্ষমতা আইনের মামলায় চারজনকে আসামি করা হয়েছে, যার মধ্যে দুইজনের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করছে না পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) ও চারিয়া-মাসকান্দা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আলী আকবর (২৮)। পরে মামলা করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

আলী আকবরের আগের রেকর্ড

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দেব বলেন, “আলী আকবর প্রায় দুই মাস আগেও ৬শ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে গত সোমবার কারাগার থেকে বের হন তিনি। এরপর আবারও মাদক কারবারে জড়িত থাকার তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আদালতে সোপর্দ

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”