শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস, সহকারীর কণ্ঠ সন্দেহ
শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস

সাংসদ শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন রয়েছে বলে একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

অডিওতে কী আছে?

ফাঁস হওয়া অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজন আরমান উদ্দিন বলে অনেকেই দাবি করলেও অন্য ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সংরক্ষিত অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।” জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তিকে বলতে শোনা যায়, “এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।” কথোপকথনের একপর্যায়ে অপর ব্যক্তি বলেন, “বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো।” এর জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তি বলেন, “এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।”

রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন

অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার ইঙ্গিত এবং সেখানে তার ব্যক্তিগত সহকারীর কথিত সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রভাবশালী মহলের ইঙ্গিত

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অডিওতে শোনা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী একটি মহলের ঘনিষ্ঠজন হতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরমান উদ্দিনের বক্তব্য

এ বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন সাংবাদিকদের বলেন, “চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব? আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি বিষয়টি বলব।” পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের তদন্ত

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “ফাঁস হওয়া অডিওর বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অডিওর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।