সাতকানিয়া-লোহাগাড়ায় এমপিকে গুলির হুমকির অডিও ফাঁস
সাতকানিয়া-লোহাগাড়ায় এমপিকে গুলির হুমকির অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে হত্যা পরিকল্পনার অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি কলরেকর্ডের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

শাহজাহান চৌধুরীর পরিচিতি

শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। তিনি ১৯৯১, ২০০১ এবং সর্বশেষ ২০২৬-এ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

অডিওতে যা শোনা গেছে

ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিনের। অপর প্রান্তের ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. তারেকুল হক। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার বাসিন্দা এবং অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া অডিওতে তারেকুলকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো, কেন এসেছে? এখানে আরমান সাহেবের কথাই চলবে।’ জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়, ‘এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।’

কথোপকথনের এক পর্যায়ে তারেকুল নামের ওই যুবদল নেতা আরও বলেন, ‘বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো।’ জবাবে আরমান উদ্দিন বলেন, ‘এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।’

তদন্ত শুরু

অডিওর বিষয়ে জানতে আরমান উদ্দিনের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, ‘অডিওটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ