বাঞ্ছারামপুরে ভ্যাট পরিদর্শককে খুঁটিতে বেঁধে মারধর
বাঞ্ছারামপুরে ভ্যাট পরিদর্শককে খুঁটিতে বেঁধে মারধর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দোকানের ভ্যাট–সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়ায় এক ভ্যাট পরিদর্শককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

ভ্যাট পরিদর্শকের পরিচয়

মারধরের শিকার ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ভ্যাট পরিদর্শক।

ঘটনার বিবরণ

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দুপুর পৌনে ২টার দিকে সাইফুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের দোকানে যান। সেখানে তিনি ব্যবসায়ীর কাছে নিজের পরিচয় দিয়ে ভ্যাট–সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। এ সময় সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় সাইফুল ইসলামকে ‘ভুয়া’ বলে ব্যবসায়ী হাবিবুরের সন্দেহ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভ্যাট পরিদর্শক নিজের ভিজিটিং কার্ড দেখালেও ব্যবসায়ীর সন্দেহ দূর হয়নি। পরে লোক জড়ো করে ভ্যাট পরিদর্শকের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং একপর্যায়ে তাকে সেখানকার একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় ভ্যাট পরিদর্শককে বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয় সবুজ মিয়া। হাবিবুর ও তার লোকজন সবুজের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

চিকিৎসা ও অবস্থা

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, দুপুরে সাইফুল ইসলাম নামের একজন চিকিৎসা নিতে এসেছিলেন। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাতের কনুইয়ের ওপরে ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভ্যাট পরিদর্শকের বক্তব্য

সাইফুল ইসলাম জানান, দুপুরে তিনি হাবিবুর রহমানের দোকানে যান। সে সময় ভ্যাটের নিবন্ধন আছে কি না, ব্যবসায়ীর কাছে তা জানতে চান। ব্যবসায়ীর দুটি প্রতিষ্ঠান রয়েছে বলে জানানো হয়। একটি ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’ ও অন্যটি ‘ব্রাদার্স ইন্টারন্যাশনাল’। কাগজপত্র দেখাতে বললে হাবিবুর ‘শনিবার বন্ধের দিনে কিসের অফিস? আপনি সরকারি কর্মকর্তা, নাকি ভুয়া?’—এ ধরনের কথা বলতে থাকেন। পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর কয়েকজন কর্মচারী নিয়ে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হাত ভেঙে দেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

সাইফুল ইসলাম আরও জানান, তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সবাই তাকে চেনেন। এসব বলার পরও রেহাই পাননি।

রাজস্ব কর্মকর্তার প্রতিক্রিয়া

ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুল গনি জানান, তাদের কার্যালয়ে কর্মরত ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করা হয়েছে। আগামীকাল রবিবার কার্যালয়ে গিয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশের অবস্থান

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, এ ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।