রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখানো হয়েছে।
আদালতের নির্দেশ
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত তাকে গ্রেফতার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য জানান।
আবেদনের বিবরণ
গত ২৯ এপ্রিল আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেছিলেন। শুনানিকালে আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়।
মামলার অভিযোগ
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানার মনিপুরীপাড়ার ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার অভিমুখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কিছু দুষ্কৃতিকারী ব্যানারসহ অবৈধ মিছিল করেন।
এ সময় তারা রাষ্ট্রকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে আসামিরা পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে ১০ জনকে গ্রেফতার করেন। এছাড়াও অজ্ঞাত ৩০-৪০ জন নেতাকর্মী দৌড়ে পালিয়ে যায়।
তদন্তে তথ্য
গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রাষ্ট্রকে অস্থিতিশীল সন্ত্রাসী কার্যক্রম উৎসাহিত করা এবং প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবিতে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করছিল। তদন্তে আরও জানা গেছে, তামান্না নুসরাত বুবলী মিছিলে অর্থ জোগান ও নির্দেশনা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় তিনি আশপাশে অবস্থান করে পরে এলাকা ত্যাগ করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
ওই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন সন্ত্রাসবিরোধী আইন মামলাটি দায়ের করেন।



