ময়মনসিংহ নগরীর দিগারকান্দা স্টার ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পাম্পের তিন কর্মচারীকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
হামলার বিবরণ
স্টার ফিলিং স্টেশনের ম্যানেজার ভানু রঞ্জন জানান, সকাল থেকেই পাম্পে অকটেন সরবরাহ চলছিল। বিকাল ৪টার দিকে তেল শেষ হওয়ায় পাম্প বন্ধ করা হয়। বন্ধের পরেও একজন মোটরসাইকেল চালক জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি পাম্পের সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ করার চেষ্টা করেন। পরে তেল না পেয়ে হুমকি দিয়ে চলে যান।
লুটের ঘটনা
ভানু রঞ্জন আরও জানান, সন্ধ্যার পরে ওই চালক ৫-৬ জন সহযোগী নিয়ে এসে পাম্পে হামলা চালান। বাধা দিলে তারা পাম্পের ইঞ্জিনিয়ার আলমগীর, কর্মচারী জাকির ও ফরহাদকে মারধর করেন। এক পর্যায়ে ফরহাদের কাছ থেকে সিএনজি গ্যাস বিক্রির এক লাখ ২০ হাজার টাকা এবং জাকিরের কাছ থেকে ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। আহত তিন কর্মচারীকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি মডেল থানায় জানানো হয়েছে।
পুলিশের পদক্ষেপ
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, পাম্পে হামলার ঘটনার কথা জানতে পেরেছেন। পুলিশ গিয়ে খোঁজখবর নিয়েছে। তদন্ত চলছে।



