ডিআইজির অফিস থেকে উদ্ধার দুই কালনাগিনী সাপ
ডিআইজির অফিসে উদ্ধার দুই কালনাগিনী সাপ

বরিশাল পুলিশের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে দুটি বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ তিন ঘণ্টার অভিযানে কার্যালয়ের সিলিং ও দেয়ালের একটি অংশ ভেঙে সাপ দুটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস ফর ভয়েসলেস’-এর সদস্যরা।

রোববার (৭ মে) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অংশ নেন সংগঠনটির সভাপতি ইয়াসিন এম তানভীর এবং পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা।

উদ্ধারকারীরা জানান, ডিআইজির অফিস কক্ষে সাপের উপস্থিতি টের পাওয়ার পর তাদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তারা অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে সাপ দুটি কক্ষের সিলিং ও দেয়ালের ভেতরে অবস্থান করছে বলে নিশ্চিত হন। পরে সিলিং ও দেয়ালের অংশ বিশেষ অপসারণ করে দুটি সাপ উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংগঠনটির সভাপতি ইয়াসিন এম তানভীর বলেন, সাপ দুটি কালনাগিনী প্রজাতির। এগুলো মৃদু বিষধর হলেও সাধারণ মানুষের মধ্যে এ প্রজাতি সম্পর্কে সচেতনতা কম। সাপ দুটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা। ধারণা করা হচ্ছে, ভবনের এসির পাইপের পথ ধরে এগুলো ভেতরে প্রবেশ করেছিল।

সংগঠনের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, অভিযানটি বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ সাপ দুটি দেয়াল ও সিলিংয়ের ভেতরে লুকিয়ে ছিল। সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে যাতে সাপ ও মানুষের কোনো ক্ষতি না হয়। উদ্ধার শেষে সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালের রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, কক্ষের ভেতরে সাপ থাকার খবর বিষয়টি বুঝতে পারার পর গুরুত্বের সঙ্গে দেখা হয়। ‘ভয়েস ফর ভয়েসলেস’-এর সদস্যরা দ্রুত এসে পেশাদারিত্বের সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। তাদের আন্তরিকতা ও দক্ষতায় সাপ দুটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধারকারীরা জানান, কালনাগিনী প্রজাতির সাপ সচরাচর চোখে পড়ে না। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।