হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের লাগেজ কাটার গুরুতর অভিযোগ উঠেছে। মোস্তফা কামাল পলাশ নামে এক হজযাত্রীর ছেলে ফেসবুকে এই অভিযোগ জানিয়ে একটি ছবি পোস্ট করেন। তার দাবি, মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী দেশে ফেরেন। পরে দেখা যায়, তাদের মধ্যে প্রায় দেড়শো জনের লাগেজ কাটা অবস্থায় রয়েছে। এসব লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে বিস্তারিত বর্ণনা
পোস্টে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি কি জানেন যে আজ রাত ৩টার সময় পবিত্র হজ শেষে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যে ৪১৯ জন হাজি দেশে ফিরেছে তাদের মধ্যে প্রায় ১৫০ জনের লাগেজ কেটে মালামাল বের করে নিয়েছে ঢাকা বিমান বন্দরের ইমানদার কর্মকর্তা-কর্মচারীরা? এই ১৫০ জন হতভাগ্য হাজির মধ্যে আমার আব্বাও ছিল একজন।”
তিনি আরও লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, ২০২৬ সালের হজ ফ্লাইট চালুর দিনে আপনি হজ-গামী যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছিলেন সামান্য অব্যবস্থাপনার জন্য। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী বছর থেকে হজের প্রথম ফ্লাইট থেকেই কোন অব্যবস্থাপনা থাকবে না। জুন মাসের ১ তারিখ থেকে হজ শেষে হাজি সাহেবরা দেশে ফেরা শুরু করেছে। কুরবানির ঈদ ৫ দিন পূর্বে শেষ হয়ে গেলেও বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরের কর্মরত চোরদের নতুন করে ঈদ শুরু হয়েছে। এই ঈদ রোজার ঈদ না কিংবা কুরবানির ঈদও না। এই ঈদ হলও চুরির ঈদ; হাজিদের লাগেজ কাটার ঈদ। পবিত্র হজ শেষ হাজিরা নিজেদের পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য সামান্য উপহার হিসাবে যে উপহার-সামগ্রী নিয়ে এসেছে সেই উপহার সামগ্রীগুলো চুরির ঈদ।”
তিনি নিজের পরিবারের উদাহরণ দিয়ে বলেন, “আমার বাবাকে আমি মানা করেছিলাম মূল্যবান কোন-কিছু কেনা-কাটা না করার জন্য। এই জন্য হয়তো বেঁচে গেছে। আমার বাবার লাগেজ থেকে খুব অল্প-দামী কিছু জিনিস চুরি হয়েছে। আমার আব্বা তার ছোট নাতনির জন্য স্বর্ণের জিনিস ক্রয় করতে চেয়েছিল; আমি মানা করেছিলাম তাই হয়তো আমার পরিবার বড় ধরনের অর্থিক ক্ষতির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। আমি ভাবতেছি সেই সকল হতভাগ্য দাদা-দাদি কিংবা নানা-নানী যার তাদের নাতি-নাতনির জন্য মূল্যবান জিনিস ক্রয় করে এনেছে ও যাদের লাগেজ কেটে ওই সকল জিনিস চুরি হয়ে গেছে সেই হাজি সাহেব ও সাহেবানদের মানসিক অবস্থা কেমন হয়েছে— যখন দেখতে পেয়েছে তাদের লাগেজ কেটে প্রিয়জনদের জন্য আনা ওই সকল উপহার সামগ্রী চুরি করে নিয়েছে বিমান বন্দরে কর্মরত চোরেরা?”
প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ
পোস্টের শেষে তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে লেখেন, “মানীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি বিনীত অনুরোধ, যে হাজি সাহেবরা আজকে থেকে ফিরবে তাদের লাগেজ গুলো রক্ষার ব্যবস্থা করুন।” নিচে তিনি নিজের নাম উল্লেখ করে লেখেন, “মোস্তফা কামাল পলাশ, লাগেজ কেটে উপহার-সামগ্রী চুরি যাওয়া একজন হাজির সন্তান।”
বিমান ও বিমানবন্দরের বক্তব্য
এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিতে হবে। আর কোনও যাত্রীর এই ধরনের ঘটনা ঘটলে বিমানবন্দরে ভেতরেই অভিযোগ দেওয়ার ব্যবস্থা আছে। তারা অভিযোগ দিয়েছেন কিনা— সেটাও আমি খোঁজ নিচ্ছি।” এছাড়া বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।



