নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় বাবার পর একে একে মারা গেছে ছোট ছোট তিন ভাইবোন। হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন তাদের মা সালমা আক্তার।
শেষ তিন ভাইবোনের মৃত্যু
সবশেষ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় মারা যায় মুন্না (১২) এবং দুপুর ১টার দিকে মারা যায় মুন্নি (৭)। এর আগে বুধবার তাদের বোন কথা (৪) এবং সোমবার মারা যান তাদের বাবা আবুল কালাম (৩৫)।
চিকিৎসকের তথ্য
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মুন্নার শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মা সালমা আক্তার ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় এখনও ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার বিবরণ
গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন: সবজি বিক্রেতা মো. আবুল কালাম, তার স্ত্রী সালমা আক্তার, তাদের ছেলে মুন্না ও দুই মেয়ে কথা এবং মুন্নি।
প্রতিবেশীর বর্ণনা
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, রোববার সকাল ৭টার দিকে ওই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতরে আগুন জ্বলছে। পরে ভেতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। তিনি জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।



