স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের পর ইয়াবাসহ গ্রেপ্তার বদিউজ্জামান
স্ত্রীকে নির্যাতনকারী স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আলোচিত স্বামী বদিউজ্জামানকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে রৌমারী থানার ওসি কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের বিবরণ

আটক বদিউজ্জামান (৬০) দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোটধনলো এলাকার বানিজ উদ্দিনের ছেলে। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সীমান্ত পিলার ১০৫৬ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১ পিস ভারতীয় ইয়াবাসহ বদিউজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া

আটক ব্যক্তি ও জব্দ মালামাল যথাযথ আইনি প্রক্রিয়া শেষে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, বিজিবি ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহাকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করেন বদিউজ্জামান। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তবে রহস্যজনকভাবে নির্যাতিতা ছালেহা তার স্বামীর নাম বাদ দিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন। এর প্রতিবাদে এবং প্রকৃত সত্য তুলে ধরতে এলাকাবাসী সংবাদ সম্মেলনও করেছিলেন। অবশেষে মাদকসহ আটকের মধ্য দিয়ে ফের আলোচনায় এলেন বিতর্কিত এই ব্যক্তি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ