কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে ৭ আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ঢাকার কদমতলী এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার (৭ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত ডাকাত সর্দারদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইসমাইল (৩৫) চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকার মৃত আছা মিয়ার ছেলে, মোঃ কামাল সিকদার (৪০) খুলনা জেলার দিঘলিয়া থানার দেওড়া গ্রামের মৃত মনু সিকদারের ছেলে, মোঃ নোমান (৪০) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরপাগলা গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে, রাসেল আলী (৩৫) বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের আলতাফ আলীর ছেলে, মোঃ রুবেল (৪২) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ডলানগর গ্রামের মোঃ আলিল উল্লাহর ছেলে, সাখাওয়াত হোসেন (৩৮) নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার জয়াগপুর গ্রামের মৃত আ: রহিমের ছেলে এবং মোঃ জুয়েল রানা (৩৫) কুমিল্লার কোতোয়ালি থানার সংরাইশ এলাকার আমজাদ হোসেনের ছেলে।
প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা
পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রত্যেক ডাকাত সর্দারের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ ১৫-২০টি করে মামলা রয়েছে।
লাকসামে ডাকাতি ও পুলিশের গাড়ি চাপা দেওয়ার ঘটনা
এ ব্যাপারে কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, সম্প্রতি ডাকাতি করে লাকসাম থানার ওসি এবং পুলিশের দুটি গাড়ি চাপা দিয়ে খাদে ফেলে এসব ডাকাত পালিয়ে যায়। এরপর থেকে তাদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা শুরু করি। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদেরকে সনাক্ত করে ঢাকা এবং নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।



