ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে বিভিন্ন অভিযোগ করে কান্না করা আহসান উল্লাহ (নয়ন) এবার বর্ধিত কমিটিতে পদ পেয়েছেন। ৫৫ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে জায়গা পেয়েছেন তিনি।
কমিটি ঘোষণা
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির তথ্য জানানো হয়। তবে এটি আজ শুক্রবার ফেসবুকে প্রকাশ করা হয়।
আহসান উল্লাহর পরিচয়
আহসান উল্লাহ জেলার সদর উপজেলার ভাবখালি ইউনিয়নের আবদুল হাইয়ের ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পূর্বের ঘটনা
ছাত্রদল সূত্রে জানা গেছে, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। ওই দিন রাতেই ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কান্না করে বিভিন্ন অভিযোগ করেন সংগঠনের কর্মী আহসান উল্লাহ (নয়ন)।
পদ পাওয়ার প্রতিক্রিয়া
দলের বিরুদ্ধে নানা অভিযোগ এনে কান্নার পর বর্ধিত কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক পদে পেয়ে আহসান উল্লাহ বলেন, ‘আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। একবার হোঁচট খেয়ে দ্বিতীয়বার উঠে দাঁড়ানো শিখিয়েছেন আমার পিতৃতুল্য অভিভাবক ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। তিনি বলেছিলেন, “রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, পড়ে গেছ, উঠে দাঁড়াও।”’
সভাপতির বক্তব্য
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, ‘আগের কমিটি ঘোষণা করার পর বঞ্চিত হওয়া কর্মীদের তালিকা করে ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটির আবেদন করেছিলাম। ওই বর্ধিত কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।’ এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।



