ভিডিও ভাইরাল ও প্রতিক্রিয়া
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি ৩২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত থেকে রোববার দিনভর ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে তিনি নিজ দলীয় নেতাকর্মীদের মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
ভিডিওতে জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোনে কথা বলতে শোনা যায়, ‘বিএনপিওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ ওলাগো কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না’। এই বক্তব্যে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়।
জাহাঙ্গীর আলমের বক্তব্য
এ বিষয়ে যোগাযোগ করা হলে জাহাঙ্গীর আলম মন্তব্যটি অস্বীকার করে বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। ভাইরাল ভিডিওতে আগে ও পরের বক্তব্য নেই, শুধু দুইটি বক্তব্য আলাদা করা হয়েছে। আমার ভাগ্নে নোবেল মীরের সঙ্গে পারিবারিক লেনদেন নিয়ে ঝামেলা থাকায় সে ভিডিওটি ভাইরাল করেছে। নোবেল আমার ক্ষতি করার জন্য এআই দিয়ে ভিডিওটি তৈরি করেছে।’
স্থানীয় নেতাদের প্রতিক্রিয়া
সোনারগাঁওয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা বলেন, ‘এমন বক্তব্য দায়িত্বশীল নেতার মুখ থেকে কাম্য নয়। ভিডিওটি আগের হলেও প্রচারের কারণে ইউনিয়ন বিএনপির সুনাম ক্ষুণ্ন হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে হামলা-মামলার শিকার হয়েও যদি বিএনপির শীর্ষ নেতা এমন বলেন, তাহলে বিএনপি করার দরকার নেই। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।’
সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘এ বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও দলীয় শৃঙ্খলার পরিপন্থি। আমরা মৌখিকভাবে জবাব চেয়েছি। জবাব না দিলে তাকে শোকজ করা হবে। দুই-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জেলা বিএনপির অবস্থান
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘এ ধরনের বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। ভিডিওর সত্যতা যাচাই না করে মন্তব্য করা ঠিক নয়। তবে তিনি যদি সত্যিই এমন কথা বলে থাকেন, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুতর। সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’



