কিশোরগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
কিশোরগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে অবরোধ

কিশোরগঞ্জে ছাত্রদলের জেলা শাখার আংশিক নতুন কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির একাংশের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আধ ঘণ্টা শহরের গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

এ অবরোধের কারণে গৌরাঙ্গ বাজারের তিন রাস্তার মোড়ের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধা ঘণ্টা পর কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

কমিটি প্রত্যাখ্যানের কারণ

বিক্ষোভকারীরা ঘোষিত কমিটিকে ‘সিন্ডিকেটের মাধ্যমে গঠিত’ দাবি করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধেও স্লোগান দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান প্রমুখ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

নেতাদের বক্তব্য

ছাত্রদলের নেতারা বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি সম্পূর্ণ সিন্ডিকেটের মাধ্যমে করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই কমিটি দেওয়া হয়েছে। তাঁরা এই কমিটি মানেন না। বিএনপির চেয়ারম্যানের কাছে তাঁদের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হোক। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নিয়ে তাঁরা রাজপথে নামবেন।

গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার ২১ দিন পর ৪ জুন সেই কমিটি বাতিল করা হয়। ১১ মাস কমিটিশূন্য থাকার পর চলতি মাসের ২ তারিখে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ