চট্টগ্রামের রাউজানে যুবক গুলিবিদ্ধ নিহত
রাউজানে যুবক গুলিবিদ্ধ নিহত, তদন্ত চলছে

চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউসার উজ জামান বাবলু ওই এলাকার বাসিন্দা আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। তাকে স্থানীয় বিএনপির সভা-সমাবেশে দেখা গেলেও তার কোনো রাজনৈতিক পদ-পদবি নেই।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আইলীখীল এলাকার আলী আহমেদ প্রকাশ ননাইয়ের টিলায় একটি মাটি খননযন্ত্রের (এক্সকাভেটর) পাশে বাবলু গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীর বিবরণ

ঘটনার প্রত্যক্ষদর্শী তার মামাতো ভাই পলিন জানান, বাবলুকে পেছন থেকে গুলি করা হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে কিছুই জানেন না। নিহতের স্ত্রী লিজা মনি বলেন, 'আমি হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েকে নিয়ে ভর্তি ছিলাম। আজ (শনিবার) সকালে তার হাসপাতালে আসার কথা ছিল। দেবর ফোন করে জানায়, তিনি গুলিবিদ্ধ হয়েছেন।' তিনি আরও জানান, কয়েকদিন আগে স্থানীয় কয়েকজনের সাথে দ্বন্দ্ব হয়েছিল। পরে তা সমাধান হয়। সর্বশেষ গত তিনদিন আগে চৌধুরী মার্কেট এলাকায় কয়েকজনের কথা কাটাকাটি হয়। সেখানে অস্ত্রের বিষয় নিয়ে কথাবার্তা হয়। এ সময় দুষ্টুমির ছলে তিনি ভিডিও করেন। এই বিষয়ে খুন হয়েছে কিনা জানি না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ জানান, 'পরিবার থেকে জেনেছি তিনি মাছ ধরতে গিয়েছিল। সেখানে গুলিবিদ্ধ হয়। আমরা কয়েকজন খুনিদের শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু করেছি।' তিনি আরও জানান, 'মাটি কাটার দ্বন্দ্ব নিয়ে এই খুন হয়েছে এমন কোনো তথ্য আমার কাছে নেই।'