পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির এক নেত্রীর বিরুদ্ধে সরকারি অনুদানের তালিকায় নাম অন্তর্ভুক্তির আশ্বাস দিয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি অডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
ঘটনার বিবরণ
ভাইরাল হওয়া অডিওতে দেবীগঞ্জ পৌর মহিলা দলের যুগ্ম সম্পাদক নিশি আক্তারের সঙ্গে এক নারীর কথোপকথন শোনা যায়। ওই নারী বলেন, ‘আপা তুমি যে গতকাল বললা টাকার কথা, ওইখানে কি কিছু টাকা কমানো যাবে না?’ জবাবে নিশি আক্তার বলেন, ‘যত কম পারা যায় ততটুকুই আমি তোমার জন্য কমাব।’
এরপর ওই নারী আরও বলেন, ‘আমি তো টেনশনে আছি, কি করব বুঝতে পারতেছি না। তুমি তো ফরিদুল ভাইকেও বলতে দিচ্ছ না।’ নিশি আক্তার তখন বলেন, ‘এই যে তোমরা এক কান দুকান করি কথাটা ভাসাইতেছ। বড়রা যেভাবে আমাদের বলছে ওইভাবেই তো আমরা করতেছি নাকি? যাহোক তুমি বেশি কমাইও না। ৬ হাজারের মধ্যে দিও।’
চাকরির প্রস্তাব
পরে নিশি আক্তার ওই নারীকে বলেন, ‘তোমার এসএসসি পাশের সার্টিফিকেট আছে? সার্টিফিকেট থাকলে তোমাকে মাটির কাজের সুপারভাইজারের চাকরি নিয়ে দেব। তুমি শুধু আমার কথামতো চলবা।’
দলীয় পদক্ষেপ
রোববার পানিসম্পদ প্রতিমন্ত্রী, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনের সংসদ-সদস্য ফরহাদ হোসেন আজাদের সিদ্ধান্তক্রমে নিশি আক্তারকে দল থেকে বহিষ্কার করা হয়। দেবীগঞ্জ পৌর বিএনপি সভাপতি ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিক্রিয়া
অভিযুক্ত নিশি আক্তারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়েই তিনি ফোন কেটে দেন। উপজেলা মহিলা দলের আহ্বায়ক লিপি আক্তার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিওটি শুনেছি এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাইয়াকে (প্রতিমন্ত্রী) জানিয়েছি। তিনি এ বিষয়ে ইতোমধ্যে যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন।’



