কিশোরগঞ্জের ভৈরবে পৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি ওমর মোহাম্মদ অপুকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে ডিবি আটক করে। পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার ওমর মোহাম্মদ অপু কে?
ওমর মোহাম্মদ অপু (৩৬) শহরের পৌর এলাকার পঞ্চবটি গ্রামের মোমতাজ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে জড়িত।
সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর গ্রেফতার
বৃহস্পতিবার বিকাল ৫টায় ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অপু একটি সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে দাবি করেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার মানসম্মান ক্ষুণ্ণ করছে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার সম্মান নষ্ট করা হচ্ছে। তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করছেন বলেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান। তবে সংবাদ সম্মেলনের দুই ঘণ্টার মাথায় তাকে তার বাসা থেকে ডিবি পুলিশ আটক করে।
ভাইরাল ভিডিও ও চাঁদাবাজির অভিযোগ
ওই ভিডিওতে পপি বেগম নামের এক নারীর নিকট অপু ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে শোনা যায়। দাবিকৃত ৫ লাখ টাকা এলাকার পোলাপাইনসহ প্রশাসনকে দিতে হবে বলে অপুর দাবি ছিল। এদিকে পপি বেগমের অভিযোগ, অপু পপির বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ তুলে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে পপির দাবি, তিনি মাদক কারবার করেন না। এছাড়া চাঁদার টাকা না দিলে অপু দলবল নিয়ে পপির ঘর তালাবন্ধ করে দেন বলে পপি অভিযোগ করেন। গত কয়েক দিন যাবত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ডিবি পুলিশের বক্তব্য
এ বিষয়ে কিশোরগঞ্জ ডিবির পরিদর্শক নাজনিন খানম অপুকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেন। তিনি যুগান্তরকে মোবাইল ফোনে বলেন, অপুকে ভৈরব থানা এলাকার একটি চাঁদাবাজির মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে ভৈরব থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ভুক্তভোগী পপি বেগমের অভিযোগ
পঞ্চবটি এলাকার পপি বেগম বলেন, অপু এলাকায় মাদক ব্যবসার প্রতিরোধ করার নামে স্থানীয় মাদককারবারিদের কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করেন। তিনি আমার কাছেও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি আরও বলেন, আমি মাদককারবারে জড়িত নই। অথচ তার দাবির টাকা না দেওয়ার কারণে তিনি আমার ঘরে তালা দিয়েছিল। তাই আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।
থানা পুলিশের বক্তব্য
এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, অপুকে ভৈরব থানার পুলিশ গ্রেফতার করেনি। কিশোরগঞ্জের ডিবি আটক করে থানায় রেখে গেছে। স্থানীয় এক নারী পপি বেগম তার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেছেন থানায়। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



