বিএনপির প্রতারণা মনে রেখে ভোট দিতে হবে: সারজিস আলম
বিএনপির প্রতারণা মনে রেখে ভোট দিতে হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপিকে ফিফটি পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে। তার মানে এখনও অর্ধেক মানুষ আছে যারা বিএনপিকে ভোট দেয়নি। যারা বিএনপিকে ভোট দিয়েছে, তারা তিন মাস যেতে না যেতেই হাজার হাজার লাখ লাখ মানুষ এখনই বিএনপির ওপর হতাশ হয়ে গেছে। তারা মনে করছে, বিএনপি তাদের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপির প্রতারণা মনে রেখে আগামী স্থানীয় নির্বাচনে ভোট দিতে হবে।’

যোগদান অনুষ্ঠানে বক্তব্য

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়েছে বেগম খালেদা জিয়া ও মেজর জিয়াকে সামনে রেখে। তারেক রহমান তার যোগ্য পিতা-মাতার উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মানুষের কাছে একটা সুযোগ পেয়েছেন। তাকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি এই সুযোগটা কাজে লাগাবেন কি না। কিন্তু আমরা যখন দেখি, আওয়ামী লীগের সময়ে যেভাবে মিডিয়া দখল করা হতো, তার সময়ে একই কায়দায় মিডিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কোনও ধরনের অভিজ্ঞতা ছাড়াই দলীয় নেতাকর্মী দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, তখন আমরা আগের যে বাংলাদেশ ছিল- সেই বাংলাদেশের লক্ষণ আবারও দেখতে পাই।’

চাঁদাবাজির অভিযোগ

সারজিস বলেন, ‘অভ্যুত্থানের আগে বাংলাদেশে চাঁদাবাজি হতো। এখনও হচ্ছে। যেগুলোর কারণে একটা অভ্যুত্থান হয়েছে, সেই কাজগুলো যদি বিএনপির নেতাকর্মীদের দিয়ে আবারও হয়, তাহলে আমরা আগামী দিনে বিএনপির রাজনীতি নিয়ে শঙ্কিত। আমরা বিশ্বাস করি, এই রাজনীতি করে আগামীর বাংলাদেশে কেউ আর টিকে থাকতে পারবে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, ‘বিএনপি বলে, আমরা শুধু নাকি বিরোধিতা করার জন্য বলি। কিন্তু আমরা কি আর সীমান্তে হত্যাকাণ্ড চাই? অন্য কোনও দেশের দাদাদিরি দেখতে চাই? যারা এই কাজগুলো ক্ষমতায় আসতে না আসতেই শুরু করেছে, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হতে পারে না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ