জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নিজের বিরুদ্ধে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ভাড়ায় গাড়ি ব্যবহারের তথ্য দিলেন নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বলেন, ‘আমি রেন্ট-এ-কারে ভাড়া আনিয়ে একটি গাড়ী ব্যবহার করি আমার নিরাপত্তার জন্যে। মাসের শেষ, সে গাড়ির ভাড়া আমি এখনও দিতে পারি নি।’ তিনি সরকারি দলের এক সংসদ সদস্যের মন্তব্যের জবাবে বলেন, আগে যারা রিকশায় চলতেন, তারা এখন গাড়িতে চলেন—এমন বক্তব্য বাস্তবতার প্রতিফলন নয়।
আওয়ামী লীগ সরকারের সময় সম্পদ বৃদ্ধির অভিযোগ
বক্তব্যে নাহিদ ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় অনেক নেতার সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, ‘অনেক নেতা জেলে থাকা অবস্থাতেই তাদের সম্পদ কয়েক গুণ বেড়েছে। এই আমলে কারও সম্পদ এভাবে বাড়বে কি না, সেটাই দেখার বিষয়।’
সাধারণ জীবনযাপন ও স্বচ্ছতার নীতি অনুসরণের দাবি
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ক্ষমতার পরিবর্তনের পরও তারা সাধারণ জীবনযাপন ও স্বচ্ছতার নীতি অনুসরণ করছেন। তাই রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষ থেকে বিলাসী জীবনযাপনের যে অভিযোগ আনা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।



