জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখজনকভাবে, অভ্যুত্থান পরবর্তীকালেও দেশে বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি।’
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এক বিবৃতিতে চিফ হুইপ এসব কথা বলেন। এ উপলক্ষে তিনি দেশ-বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের শুভেচ্ছা জানান।
শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ
বিবৃতিতে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে “দিনে ৮ ঘণ্টার বেশি শ্রম নয়” এই একটি মানবিক দাবিতে রাস্তায় নেমেছিলেন আমেরিকার শ্রমিকরা। তাদের মিছিলে নির্বিচারে গুলি চালায় মার্কিন পুলিশ ও সশস্ত্র বাহিনী। শ্রমিকদের রক্তে ভিজেছিল শিকাগোর রাজপথ। সেই রক্তের ওপর দাঁড়িয়ে আজ সমগ্র বিশ্ব মে দিবস পালন করে। সেদিনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’
বাংলাদেশে মে দিবস পালনের সমালোচনা
তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকেই মে দিবস পালন করছে বাংলাদেশ। তবে তা কেবলই আনুষ্ঠানিকতানির্ভর; ব্যানার, বক্তব্য ও আলোচনায় সীমাবদ্ধ। কার্যত শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে সামান্য।’
‘আওয়ামী ফ্যাসিবাদী আমলে ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর নেমে এসেছে নজিরবিহীন দমন-পীড়ন। শ্রমিক নেতাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে বহুবার। ১৩ বছর পরও রানা প্লাজা ট্র্যাজেডির বিচার হয়নি।’
ভবিষ্যতের প্রত্যয়
এনসিপি আহ্বায়ক বলেন, ‘দুঃখজনকভাবে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি। তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের প্রত্যয়, একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ে তোলা। যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে।’



