সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন, দুঃখপ্রকাশ
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের তদন্ত কমিটি, দুঃখপ্রকাশ

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও শিবিরের মাঝে উত্তেজনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল। পাশাপাশি সাংবাদিক সমিতির কাছে দুঃখপ্রকাশ করেছে দলটি।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত ছাত্রদলের জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, শাহবাগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় আজকের সাংগঠনিক সভা থেকে আমরা একটি তদন্ত কমিটি করেছি এবং ওই ঘটনার জন্য আমরা সাংবাদিক সমিতির কাছে দুঃখপ্রকাশ করছি আপনাদের মাধ্যমে।

এর আগে, ছাত্রদলের অফিশিয়াল পেজ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অভিযোগ পাওয়া গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উক্ত অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার (৪) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উক্ত তদন্ত কমিটিকে আগামী পাঁচ (৫) দিনের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।