তিন মামলায় জামিন পেলেন মমতাজ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে তিন মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি জানান, শিল্পী মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় জামিন দেওয়া হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ায় মনিরুজ্জামান হত্যা, মিরপুরের সাগর হত্যা ও আশুলিয়ায় আরেকটি হত্যাচেষ্টা মামলা।
গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার হন মমতাজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেন। তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে পরাজিত হন তিনি।



