প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
পায়ে হেঁটে পরিদর্শন
মঙ্গলবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটেই পরিদর্শন করেন। এসময় তাকে কাঁচা রাস্তা, ধান ক্ষেত এবং জঙ্গল পেরিয়ে সেনা ক্যাম্পে যেতে দেখা যায়। সেখানে গিয়ে সেনা সদস্যদের খাবারের স্বাদও চেখে দেখেন তিনি।
সকাল ৯টা ২০ মিনিটে আকস্মিক উপস্থিতি
মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন।
রণকৌশল ও সমরাস্ত্র পরিদর্শন
এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছেও গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পান করেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য
পরে সেনা সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।’’ একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপস্থিত কর্মকর্তারা
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।



