বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, তিনি এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবেন, যার মূল্য প্রতি পিস ৫০ টাকা। বুধবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
উমামার ফেসবুক পোস্টে যা বলা হয়েছে
উমামা ফাতেমা তার পোস্টে লেখেন, ‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।’
তবে এ পোস্টে তিনি ঠিক কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন বা এর পেছনে কী প্রেক্ষাপট রয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
উমামা ফাতেমার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ এর অন্তর্নিহিত বার্তা নিয়ে নানা ব্যাখ্যা দিচ্ছেন।



