ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে হাতবোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস ঘুরে ‘একাত্তরের গণহত্যা ভাস্কর্য’ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতাদের বক্তব্য
সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সদস্যসচিব শাহিন মিয়া বলেন, বিরোধী দলের চিফ হুইপের জুলাই পদযাত্রায় বোমা হামলার ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। কেন বারবার জুলাই নেতাদের ওপর হামলা করা হচ্ছে, এর একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
দ্রুত আইনি ব্যবস্থার দাবি
ছাত্রশক্তির এই নেতা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অন্য বিষয়ে মনোযোগ না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জননিরাপত্তা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের ব্যর্থতার অভিযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, জুলাই পদযাত্রায় বোমা হামলার ঘটনা প্রমাণ করে, সরকার জননিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জনসভা চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এই হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ছাত্রশক্তির এই নেতা বলেন, যারা মনে করছে বোমা হামলার মাধ্যমে নাহিদ ইসলাম ও জুলাই যোদ্ধাদের ভয় দেখানো যাবে, তারা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি।



