প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ইতোমধ্যে সরকার ঘোষিত কয়েকটি উন্নয়ন বাস্তবায়নও করা হয়েছে। আগামী দিনেও অনুদানসহ সব উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করি সরকারের উন্নয়ন কাজে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন।
বিশ্বনাথে নগদ অনুদান বিতরণ
বুধবার (১ জুলাই) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মধ্যে নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভা শেষে সরকারের দেওয়া উপদেষ্টার তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা করে ৭৫ জন উপকারভোগীদের মধ্যে বিতরণ করেছেন বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও বিশ্বনাথ ইউনিয়ন যুবদলের সভাপতি রুমেল আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী। এছাড়া বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক নাজমুল ইসলাম রুহেল, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমীন আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, বিএনপি নেতা মুসলিম আলী, জয়নাল মিয়া, বাদশা মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিবসহ স্থানীয় নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



