যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা (৪৫) ও শেখ হাবিবুর রহমান (৬২) নামে ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিবরণ
সোমবার ভোররাতে সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে শেখ হাবিবুর রহমানকে এবং বেলা ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রাম থেকে মিজানুর রহমান মোল্যাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজানুর রহমান মোল্যা নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বুইকারা গ্রামের মৃত আবু বক্কার মোল্যার ছেলে।
গ্রেফতার শেখ হাবিবুর রহমান সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাতলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
মামলার তথ্য
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোমবার দুপুরে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ২০২৫ সালের ১৮ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাত ও সকালে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।



