শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

শরীয়তপুরের সদর উপজেলায় গ্রেফতার এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। ইতিমধ্যে ওই বিক্ষোভের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বিনোদপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। সোমবার (১৫ জুন) সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিটন মুন্সিকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তার মুক্তির দাবিতে বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যাতে বিএনপির একাংশের নেতাকর্মীরা অংশ নেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন সরদার, যুবদল নেতা মাহফুজ সরদার, বোরহান মোল্লাকে। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা লিটন মুন্সির পক্ষে মিছিল করা যুবদল নেতা মাহফুজ সরদার বলেন, ‘আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি আমাদের দলের একজন কর্মী। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করি। তাই তার মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। কিন্তু একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মাদবর বলেন, ‘এটি ইউনিয়ন বিএনপির কোনও কর্মসূচি ছিল না। বিনোদপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের কিছু ব্যক্তি দলকে বিতর্কিত করতে এ মিছিল করেছেন। বিষয়টি নিয়ে আমরা জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

তবে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশ মিছিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তিনি বলেন, ‘সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের মিছিল জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এটি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একটি ঘটনা। যদি আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তখন তারা রাজনীতি করতে পারবে। অন্যথায় এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়।’

গ্রেফতারের বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‌‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার আসাদুজ্জামান লিটন মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গুপ্ত মিছিল এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।’