জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাগুলোয় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সিটি করপোরেশনের এলাকায় বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী আসন এর আওতাভুক্ত হবে না বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বরাদ্দ
আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোয়, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্তান ও ঈদগাহের জন্য বরাদ্দ করেছেন।
সিটি করপোরেশন এলাকায় বরাদ্দের প্রতিশ্রুতি
পরে ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান দাঁড়িয়ে কিছু বলতে চান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে ফ্লোর দেননি। এ সময় স্থানীয় সরকারমন্ত্রীকে ফ্লোর দেন স্পিকার। তখন মন্ত্রী বলেন, পরবর্তী সময় জেলা পরিষদের পক্ষ থেকে সিটি করপোরেশনের এলাকাগুলোয় বরাদ্দ দেওয়া হবে।
স্পিকারের মন্তব্য
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়ি কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এইটুকুই শুধু পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।’



