বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স হাম ও হামের উপসর্গ নিয়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইউনূস সরকারের গাফিলতির কারণেই এসব মর্মান্তিক মৃত্যু ঘটছে।
বিক্ষোভ সমাবেশে প্রিন্সের বক্তব্য
শনিবার (৯ মে) রাজধানীর পুরান পল্টন মোড়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে ইউনূস সরকার ও নূরজাহান বেগমসহ জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
রুহিন হোসেন প্রিন্স বলেন, বাংলাদেশ বিশ্বে শিশুদের টিকাদান কর্মসূচিতে দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু ইউনূস সরকারের অবহেলায় এখন শিশুদের মৃত্যু হচ্ছে। অথচ সরকার রহস্যজনকভাবে দোষীদের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। তিনি ইউনূস সরকার ও নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সংসদে আলোচনার অভাব
এই নেতা আরও বলেন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল মিলিয়ে অপ্রয়োজনীয় হাস্যরসের কথা বলে সময় নষ্ট করলেও হামে শিশুমৃত্যুর মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি।
আইসিইউ সাপোর্টের অভাব
তিনি বলেন, হামে আক্রান্ত হওয়ার পর পর্যাপ্ত আইসিইউ সাপোর্ট না দেওয়ার কারণে অনেক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সরকার যদি আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য পরিকল্পিত উদ্যোগ নিত, তাহলে অনেক শিশুর মৃত্যু এড়ানো সম্ভব হতো।
স্বাস্থ্যখাতে সরকারের ব্যর্থতা
রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে বেকারত্ব ও দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। চিকিৎসার জন্য জায়গা-জমি বিক্রি করে প্রতি বছর লাখ লাখ মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। তিনি সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় পর্যাপ্ত সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি আরও বলেন, স্বাস্থ্যব্যবস্থা বেসরকারিকরণের নামে অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক সেন্টার ও মানহীন হাসপাতাল গড়ে উঠেছে, যার তদারকি কেউ করছে না। তিনি চিকিৎসার নামে ব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ করার দাবি জানান।
সমাবেশে অন্যান্য বক্তা
সংগঠনের পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহসম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগরের সম্পাদক মন্ডলীর সদস্য ত্রিদিব সাহা, সিপিবি পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল ও বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত প্রমুখ।



