পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান: কাঠামো, পরিচয় ও সীমান্তের প্রভাব
পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান: কাঠামো, পরিচয় ও সীমান্ত

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এমন একটি রাজনৈতিক পরিসর বিদ্যমান ছিল, যেখানে শ্রেণিভিত্তিক রাজনীতি, ভাষা-সংস্কৃতির গর্ব এবং তুলনামূলকভাবে অন্তর্ভুক্তিমূলক সামাজিক বয়ান প্রধান ছিল। কিন্তু গত এক দশকে এই চিত্র দ্রুত পরিবর্তিত হয়েছে। ভারতীয় জনতা পার্টির উত্থান এই পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান সূচক। এটি কেবল ভোটের অঙ্ক নয়—বরং পরিচয়, নিরাপত্তা-অনুভূতি এবং প্রাতিষ্ঠানিক আস্থার পুনর্বিন্যাসের একটি জটিল প্রক্রিয়া। এই প্রবন্ধে আমরা তথ্য ও তত্ত্বের আলোকে এই উত্থান ব্যাখ্যা করবো এবং সীমান্তের ওপারে বাংলাদেশে এর সম্ভাব্য প্রতিধ্বনি কীভাবে তৈরি হয়, তা বিশ্লেষণ করবো।

নির্বাচনি প্রেক্ষাপট ও কাঠামোগত বিশ্লেষণ

প্রথমে নির্বাচনি প্রেক্ষাপট। ২০১১ সালে বিজেপির ভোট শেয়ার ছিল প্রান্তিক, প্রায় ৪ শতাংশ। ২০১৬ সালে তা ১০ শতাংশের কাছাকাছি ওঠে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দলটি প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে ১৮টি আসন জেতে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ৩৮ শতাংশ ভোট ও ৭৭টি আসন নিয়ে তারা প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে। মাত্র এক দশকে এমন উত্থান ব্যাখ্যা করতে হলে কেবলমাত্র “জন জোয়ার” বা “ক্যারিশমা” যথেষ্ট নয়; দরকার কাঠামোগত ও তাত্ত্বিক বিশ্লেষণ।

এই উত্থান বোঝার একটি কার্যকর ফ্রেম হলো Political Opportunity Structure। এই তত্ত্ব বলে, যখন বিদ্যমান শাসনব্যবস্থা জনআস্থা হারায় বা প্রশাসনিক সক্ষমতায় ফাঁক তৈরি হয়, তখন নতুন শক্তি দ্রুত জায়গা করে নিতে পারে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের শাসনের পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, স্থানীয় পর্যায়ে ক্ষমতার কেন্দ্রীভবন এবং “cut money” ইস্যু নিয়ে জনঅসন্তোষ তৈরি হয়। এই প্রাতিষ্ঠানিক অচলাবস্থা একটি বিকল্পের চাহিদা তৈরি করে, যা বিজেপি দক্ষতার সঙ্গে কাজে লাগায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচয়ভিত্তিক রাজনীতি ও মনস্তাত্ত্বিক ফ্রেম

তবে কাঠামোগত সুযোগই সব নয়। বিজেপির উত্থানের কেন্দ্রে রয়েছে পরিচয়ভিত্তিক রাজনীতি, বিশেষত ধর্মীয় পরিচয়ের পুনর্গঠন। সামাজিক পরিচিতি তত্ত্ব অনুযায়ী, মানুষ নিজের গোষ্ঠীগত পরিচয়কে নিরাপদ রাখতে এবং মর্যাদা বজায় রাখতে রাজনৈতিকভাবে সক্রিয় হয়। বিজেপি এই মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে “হিন্দু পরিচয়”কে একটি রাজনৈতিক ঐক্যে রূপ দিতে চেয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), জাতীয় নাগরিকপঞ্জি (NRC), এবং “অনুপ্রবেশ” ইস্যু, এসবের মাধ্যমে একটি “আমরা বনাম তারা” বয়ান তৈরি হয়, যা আবেগ ও নিরাপত্তা-উদ্বেগকে একত্র করে।

এর সঙ্গে যুক্ত হয় Relative Deprivation Theory, যেখানে বাস্তব বঞ্চনার চেয়ে অনুভূত বঞ্চনা বেশি কার্যকর। পশ্চিমবঙ্গের একটি অংশে এমন ধারণা গড়ে ওঠে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা রাজনৈতিকভাবে উপেক্ষিত, অথবা রাষ্ট্রীয় সম্পদ বণ্টনে তারা পিছিয়ে পড়ছে। এই ধারণা তথ্যের নির্ভুলতার ওপর নির্ভর না করেও রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারে। কারণ রাজনীতিতে perception-ই প্রায়শই বাস্তবতার সমান প্রভাব ফেলে।

সাংগঠনিক শক্তি ও ভয়-ভিত্তিক বয়ান

বিজেপির সাংগঠনিক শক্তিও এই উত্থানে গুরুত্বপূর্ণ। এটি একটি ক্যাডারভিত্তিক দল, যার পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি আদর্শিক ও সংগঠনগত প্রস্তুতি। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেটওয়ার্ক, বুথ ম্যানাজমেন্ট এবং ডিজিটাল প্রচারণা—সব মিলিয়ে একটি সুসংহত মেশিন তৈরি হয়েছে। Organizational Penetration Model দিয়ে বোঝা যায়, কীভাবে একটি গুজব ধীরে ধীরে সমাজের ভেতরে প্রবেশ করে এবং স্থানীয় পর্যায়ে প্রভাব তৈরি করে।

এখানে Moral Panic Theory-ও প্রাসঙ্গিক। রাজনীতিতে “ভয়ের বয়ান” একটি শক্তিশালী চালিকাশক্তি। অবৈধ অনুপ্রবেশ, জনকাঠামোতে পরিবর্তন, এবং সাংস্কৃতিক হুমকি, এসবের সমন্বয়ে গঠিত এই ধরনের বয়ান তৈরি করে একটি উদ্বেগময় পরিবেশ গড়ে তোলা হয়। মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম এই বয়ানকে পরিবর্ধন করে, এবং সমষ্টিগত উদ্বেগ তৈরি হয়। এই ভয় পরে ভোটে প্রতিফলিত হয়।

সীমান্তের ওপারের প্রভাব: ধারণা ও বাস্তবতা

এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় উঠে আসে, সেটি হচ্ছে—সীমান্তের ওপারের ঘটনাবলির প্রভাব। কলকাতার কয়েকজন বুদ্ধিজীবীর সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় একটি ধারণা সামনে এসেছে, যা বিশ্লেষণাত্মকভাবে বিবেচনার দাবি রাখে। তাঁদের মতে, পশ্চিমবঙ্গে “হিন্দু বাঙালি” পরিচয়ের সাম্প্রতিক জোরালো পুনর্গঠনের পেছনে বাংলাদেশের ভেতরে ধর্মীয় উত্তেজনা বা সহিংসতার খবর, গুজব, কিংবা অতিরঞ্জিত বয়ান, এসবের প্রভাব রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়কে ঘিরে সামাজিক মাধ্যমে যে ধরনের সহিংসতার ভিডিও বা খবর ছড়িয়েছে, তা পশ্চিমবঙ্গের একটি অংশে নিরাপত্তাহীনতার ধারণা তৈরি করেছে, যেখানে মানুষ নিজেদের ধর্মীয় পরিচয়কে সম্ভাব্য ঝুঁকির মুখে ভাবতে শুরু করেছে।

এখানে দুটি বিষয় স্পষ্ট করা জরুরি। প্রথমত, এই ধরনের তথ্য-প্রবাহের বড় অংশই যাচাই-বাছাই ছাড়া দ্রুত ছড়ায়; ফলে বাস্তব ঘটনা, আংশিক সত্য এবং ভ্রান্ত তথ্য, সব কিছু মিশে একটি শক্তিশালী বয়ান তৈরি করতে পারে। দ্বিতীয়ত, এই বয়ান রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পারে, যেখানে একটি পক্ষ এটিকে নিরাপত্তা-উদ্বেগ হিসেবে তুলে ধরে সমর্থন সংগঠিত করে, আরেকটি পক্ষ এটিকে অতিরঞ্জিত বা ভুল তথ্য বলে প্রত্যাখ্যান করে। ফলে জনমনে বিভাজন আরও তীব্র হয়।

একইভাবে, পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে সীমান্তবর্তী অঞ্চলে “জঙ্গি অনুপ্রবেশ” বা “ভোটে প্রভাব বিস্তার”, এ ধরনের অভিযোগও রাজনৈতিক বিতর্কে শোনা যায়। এই অভিযোগগুলো গুরুতর; কিন্তু এগুলোর বেশিরভাগই জনপরিসরে প্রমাণিত নয় বা আদালত-স্বীকৃত তথ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। তাই এগুলোকে “অভিযোগ” হিসেবেই দেখা উচিত। তবু, রাজনৈতিক মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলো—এই অভিযোগগুলো কীভাবে জনমনে প্রভাব ফেলে। যদি একটি বড় অংশ বিশ্বাস করতে শুরু করে যে সীমান্তের ওপার থেকে কোনও নিরাপত্তা-ঝুঁকি বা রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে, তাহলে সেটি তাদের ভোটের আচরণে প্রভাব ফেলতে পারে। এটিই Moral PanicPerception Politics-এর বাস্তব রূপ।

এই ধরনের cross-border perception-কে Conflict Diffusion বা Spillover Effect দিয়ে ব্যাখ্যা করা যায়। একটি অঞ্চলের উত্তেজনা, বাস্তব বা কল্পিত অন্য অঞ্চলে প্রতিধ্বনি তৈরি করতে পারে, বিশেষ করে যখন ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের যোগসূত্র ঘনিষ্ঠ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ক্ষেত্রে এই সংযোগ অত্যন্ত গভীর; ফলে একপাশের বয়ান অন্যপাশে দ্রুত প্রভাব ফেলে।

আন্তর্জাতিক তুলনা ও বৈশ্বিক প্রবণতা

আন্তর্জাতিক তুলনা করলে এই প্রবণতা আরও স্পষ্ট হয়। ইতালির Operation Gladio সময়কালে covert network ও ideological polarization মিলিয়ে একটি ভয়নির্ভর রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল। তুরস্কে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ধর্মীয় জাতীয়তাবাদকে ব্যবহার করে রাজনৈতিক সমর্থন সংহত করেছেন। এই প্রবণতা শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়। হাঙ্গেরিতে ভিক্টর ওরবান অভিবাসন ও সাংস্কৃতিক নিরাপত্তার প্রশ্নকে কেন্দ্র করে একটি জাতীয়তাবাদী বয়ান তৈরি করেছেন। একইভাবে পোলান্ডের Law and Justice Party ধর্মীয় পরিচয়কে জাতীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। আবার ব্রাজিলের জেয়ার বলসোনারো ধর্মীয় ও নিরাপত্তাভিত্তিক বয়ান ব্যবহার করে সমর্থনের একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছেন। এই উদাহরণগুলো দেখায়, পরিচয়, ভয় এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমন্বয় একটি বৈশ্বিক রাজনৈতিক প্রবণতায় পরিণত হয়েছে।

বাংলাদেশের জন্য তাৎপর্য

বাংলাদেশের জন্য এই পরিস্থিতির কয়েকটি তাৎপর্য রয়েছে। প্রথমত, কূটনৈতিক সম্পর্কের ওপর চাপ তৈরি হতে পারে, বিশেষ করে যখন সীমান্ত, নাগরিকত্ব বা অভিবাসন ইস্যু রাজনৈতিক বয়ানে জায়গা পায়। দ্বিতীয়ত, সামাজিক স্তরে প্রতিক্রিয়া তৈরি হতে পারে—যেখানে একপাশের ধর্মীয় উত্তেজনা অন্যপাশে প্রতিধ্বনি তোলে। ভারত যদি আরও আত্মপ্রত্যয়ী ও জাতীয়তাবাদী পররাষ্ট্রনীতি গ্রহণ করে, তাহলে বাংলাদেশকে একটি সূক্ষ্ম কৌশল অনুসরণ করতে হবে, যেখানে একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয়, অন্যদিকে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ব্যবহার করে একটি ভারসাম্য তৈরি করবে।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দরকার। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানকে কেবল সীমান্তের ওপারের ঘটনাবলির ফল হিসেবে দেখলে বিশ্লেষণ অসম্পূর্ণ হবে। স্থানীয় রাজনৈতিক বাস্তবতা, দুর্নীতিবিরোধী মনোভাব, প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক শক্তি এবং জাতীয় রাজনীতির প্রভাব, সবই সমানভাবে গুরুত্বপূর্ণ। একইভাবে, বাংলাদেশের ভেতরের জটিল সামাজিক-রাজনৈতিক প্রক্রিয়াকেও একরৈখিকভাবে ব্যাখ্যা করা যায় না। তাই প্রয়োজন বহুমাত্রিক ও তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি।

কূটনৈতিক সংকেত ও তিস্তা ইস্যু

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সম্ভাব্য ক্ষমতা লাভের আলোচনার মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে কিছু কূটনৈতিক মন্তব্য সামনে এসেছে, যা বিশ্লেষণযোগ্য। বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর “পুশ-ইন” সংক্রান্ত মন্তব্য, যেখানে বলা হয়েছে, যদি সীমান্তে জোরপূর্বক মানুষ ঠেলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ব্যবস্থা নেবে, এই বক্তব্যটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

প্রথমত, এই ধরনের মন্তব্যকে অনেক বিশ্লেষক “premature signaling” হিসেবে দেখছেন। কারণ, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনই এখনও চূড়ান্ত হয়নি, নীতিনির্ধারণী অবস্থানও পরিষ্কার নয়। এই অবস্থায় সম্ভাব্য নীতির বিরুদ্ধে আগাম প্রতিক্রিয়া কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে কিছুটা অগ্রিম ও অপ্রয়োজনীয় বলে বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব, বিশেষ করে Signaling Theory বলছে, রাষ্ট্রের প্রতিটি প্রকাশ্য মন্তব্যই একটি বার্তা বহন করে। সেই দৃষ্টিকোণ থেকে এই মন্তব্যটি নতুন প্রাদেশিক সরকারের প্রতি বাংলাদেশের একধরনের পূর্বধারণা বা সতর্ক মনোভাবের ইঙ্গিত দেয়।

দ্বিতীয়ত, এই ধরনের আগাম অবস্থান কখনও কখনও অনভিপ্রেত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সীমান্ত রাজনীতি নিজেই একটি সংবেদনশীল বিষয়; এখানে ভাষার ব্যবহারে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। “পুশ-ইন” ইস্যুকে সামনে এনে আগাম প্রতিরোধের বার্তা দেওয়া হলে, সেটি অভ্যন্তরীণ রাজনৈতিক মহলে ভারতবিরোধী আবেগকে উসকে দিতে পারে। আবার ভারতের অভ্যন্তরেও এটি “security narrative”-কে আরও শক্তিশালী করতে পারে। ফলে, একটি সম্ভাব্য সমস্যা সমাধানের বদলে তা উভয় পক্ষেই রাজনৈতিক মেরুকরণ বাড়াতে পারে।

তৃতীয়ত, পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে একটি বড় ভুল ধারণা প্রায়ই সামনে আসে যে যদি কেন্দ্র ও প্রদেশে একই দল ক্ষমতায় থাকে, তাহলে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধান সহজ হয়ে যাবে। এই যুক্তিটি আপাতদৃষ্টিতে যৌক্তিক মনে হলেও, বাস্তবে বিষয়টি অনেক বেশি জটিল। উদাহরণ হিসেবে তিস্তা নদীর পানিবণ্টন ইস্যুটি উল্লেখ করা যায়।

অনেকে মনে করেন, নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গে একই রাজনৈতিক দলের সরকার থাকলে তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন হতে পারে। কিন্তু এই ধারণাটি অনেকাংশেই সরলীকৃত। ভারতের ফেডারেল কাঠামোয় রাজ্য সরকারগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পানিবণ্টনের মতো ইস্যুতে। পশ্চিমবঙ্গের রাজনীতি দীর্ঘদিন ধরেই আঞ্চলিক স্বার্থকে অগ্রাধিকার দেয়। ফলে, কেন্দ্রীয় সরকারের ইচ্ছা থাকলেও রাজ্য পর্যায়ের সমর্থন ছাড়া এমন কোনও চুক্তি বাস্তবায়ন করা কঠিন।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল বিরোধী শক্তি হিসেবে শক্তিশালী অবস্থানে থাকবে। বিরোধী দল হিসেবে তারা তিস্তা ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারেন, বিশেষ করে যদি এটি রাজ্যের কৃষক বা স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যায় বলে উপস্থাপন করা হয়। ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে তিস্তার পানিবণ্টন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং অনেক ক্ষেত্রে এটি জনসমর্থনহীন একটি বিষয় হিসেবে দেখা হয়।

ফলে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসে—ভারতের এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্থানীয় ইস্যু সবসময়ই কেন্দ্রীয় রাজনীতির ওপর প্রভাব বিস্তার করে। একটি জাতীয় দল প্রাদেশিক ক্ষমতায় এলেও তাকে স্থানীয় ভোটারদের চাহিদা ও উদ্বেগকে অগ্রাধিকার দিতে হয়। এই প্রেক্ষাপটে, বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তাহলে তাদের প্রধান লক্ষ্য হবে রাজনৈতিক স্থিতি বজায় রাখা এবং পরবর্তী নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়া। অর্থাৎ, তারা স্বভাবতই এমন কোনও সিদ্ধান্ত এড়াতে চাইবে, যা স্থানীয়ভাবে অজনপ্রিয় হতে পারে।

এই যুক্তি থেকে বলা যায়, তিস্তা ইস্যুতে দ্রুত অগ্রগতি হওয়ার সম্ভাবনা নিয়ে অতিরিক্ত আশাবাদ বাস্তবসম্মত নয়। বরং এটি একটি দীর্ঘমেয়াদি কূটনৈতিক আলোচনার বিষয় হিসেবেই থাকবে, যেখানে স্থানীয়, প্রাদেশিক এবং কেন্দ্রীয়—এই তিন স্তরের রাজনীতি একসঙ্গে কাজ করবে।

উপসংহার: ভারসাম্যপূর্ণ কূটনীতির প্রয়োজনীয়তা

সব মিলিয়ে পশ্চিমবঙ্গে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্যপূর্ণ কূটনীতি। আগাম প্রতিক্রিয়া বা অতিরিক্ত প্রত্যাশা—দুটিই সমানভাবে ঝুঁকিপূর্ণ। একদিকে আগাম কঠোর অবস্থান অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করতে পারে। অপরদিকে অতিরিক্ত আশাবাদ বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তাই প্রয়োজন তথ্যভিত্তিক, ধীর এবং কৌশলগত কূটনীতি, যেখানে আবেগ নয়, বরং বাস্তবতা ও দীর্ঘমেয়াদি স্বার্থই প্রধান বিবেচ্য হবে।

সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান একটি বহুমাত্রিক প্রক্রিয়া, যেখানে কাঠামোগত সুযোগ, ধর্মভিত্তিক সাংস্কৃতিক ও জাতিগত পরিচয়ের বয়ান, সংগঠনের শক্তি এবং ভয়নির্ভর রাজনীতি একত্রে কাজ করেছে। সীমান্তের ওপারের ঘটনাবলি, বাস্তব, অতিরঞ্জিত বা বিতর্কিত, যাই হোকনা কেন, সেগুলো এই প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে ধারণা বা Perception-এর স্তরে। বাংলাদেশের জন্য এই অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে—রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হলে তথ্যের সত্যতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক বয়ান, এই তিনটির ওপর সমান জোর দিতে হবে। কারণ আজকের বিশ্বে রাজনীতি শুধু ভৌগোলিক সীমানার ভেতর সীমাবদ্ধ থাকে না, এটি বয়ান, ধারণা এবং সংযোগের মাধ্যমে সীমান্ত পেরিয়ে প্রতিধ্বনি তোলে।