রংপুরের পীরগাছায় কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত চেয়ারম্যান নুর আলমকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোরে রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানাধীন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
একাধিক মামলায় অভিযুক্ত নুর আলম
মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এসব মামলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছিল।
স্থানীয়দের প্রতিক্রিয়া
নুর আলমের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে গভীর রাতেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য শাহীন মির্জা সুমন বলেন, নুর আলম কখনো আইনের পরোয়া করেননি। ইউএনও ও ডিসি বরাবর প্রমাণসহ অভিযোগ দিয়েও কোনো ফল মেলেনি।
নুর আলম আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছত্রচ্ছায়ায় গত এক দশক ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।



