বুধবার গভীর রাতে ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ চোখে পড়ল মানবজমিনের একটি সংবাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের বৈঠক, আর সেই বৈঠকের মধ্যাহ্নভোজের বর্ণনা। পড়তে পড়তে থমকে গেলাম। মনে হলো—এটা কি সত্যিই কোনো 'সংবাদ' নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো বড় কিছু?
বাস্তব দৃশ্য ভিন্ন
আমরা সাধারণত কী কল্পনা করি? একটি দেশের সরকারপ্রধানের টেবিলে থাকবে রাজকীয় আয়োজন—নানা পদের মাছ, মাংস, কোরমা-পোলাও, ডেজার্টের বাহার। পাঁচ তারকা হোটেলের বুফের মতো সাজানো থাকবে অগণিত পদের পসরা। এমনটাই তো আমাদের চেনা দৃশ্য, এমনটাই বহুদিন ধরে আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। কিন্তু বাস্তব দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন। টেবিলে ছিল সাদা ভাত, ট্যাড়শ ভাজি, লাউ-চিংড়ি, ডিমের তরকারি, আর শেষে এক বাটি দই। প্রথমে এটি অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায়—এটি কেবল একটি খাবারের তালিকা নয়, এটি একটি রাজনৈতিক দর্শন।
বরাদ্দ কমানোর সিদ্ধান্ত
প্রধানমন্ত্রীর দপ্তরে হাসিনা সরকারামলে জনপ্রতি খাবারের বরাদ্দ ছিল প্রায় ৮০০ টাকা। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেই বরাদ্দ কমিয়ে মাত্র ১৫০ টাকায় নিয়ে এসেছেন। এখন প্রশ্ন হলো—আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত মানুষ, আমরা কি ১৫০ টাকায় স্বাচ্ছন্দ্যে একটি ভালো মধ্যাহ্নভোজ করতে পারি? শহরের কোনো সাধারণ হোটেলে খেলেও ২০০-৩০০ টাকা লেগে যায়। সেখানে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি নিজের জন্য এমন সংযমী খাবার বেছে নিচ্ছেন—এটি নিঃসন্দেহে আমাদের সবার জন্য একটি বার্তা। এই বার্তাটি হচ্ছে—রাষ্ট্র পরিচালনা মানে বিলাসিতা নয়, দায়িত্ব। ক্ষমতা মানে ভোগ নয়, সংযম। নেতৃত্ব মানে আলাদা হয়ে যাওয়া নয়, বরং মানুষের জীবনের সঙ্গে একাত্ম হওয়া।
অন্যান্য সংযমী সিদ্ধান্ত
শুধু খাবারেই নয়, দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া প্রায় প্রতিটি সিদ্ধান্তই সংযম ও ত্যাগের দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করছে। মন্ত্রী-এমপিদের জন্য সরকার প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল—যেখানে অনেকে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন, সেটি এক ঘোষণায় বন্ধ করে দেওয়া। ভিভিআইপি প্রটোকল না নেওয়ার সিদ্ধান্ত – যেখানে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর কথা ভাবা হয়েছে। জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমানো, যা সরাসরি ব্যয় সংকোচনের একটি পদক্ষেপ।
এই সবকিছুই যেন একই গল্প বলে—রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত ভোগের জন্য নয়। বরং জনস্বার্থই সবার আগে। নোয়াবের বৈঠকে এক পর্যায়ে একজন সম্পাদক প্রশ্ন করেছিলেন, মন্ত্রী-এমপিরা তো এই সিদ্ধান্তে কিছুটা অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী তখন মৃদু হেসে বলেছিলেন, ‘মন তো আমারও খারাপ, আমিও তো সেই সুযোগ পেলাম না।' প্রধানমন্ত্রীর এই বাক্যটিই প্রমাণ করে যে—তার এই সংযম আরোপিত নয়, তিনি নিজেই সুবিধা ত্যাগ করছেন।
পারিবারিক ঐতিহ্যের প্রতিফলন
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে—পারিবারিক ঐতিহ্য। তারেক রহমানের এই জীবনাচারে আমরা তার পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় ব্যক্তিত্ব জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সাদাসিধে জীবন যাপনের অধিকারী একজন মানুষ। তার খাবারের তালিকাও ছিল সাধারণ—ভাত, ডাল, মাছ, রুটি, মাংস, কিন্তু কখনোই অতিরিক্ত আয়োজন নয়। এমনকি কোথাও অতিরিক্ত আয়োজন দেখলে তিনি অসন্তুষ্ট হতেন। কথিত আছে—মন্ত্রিপরিষদ বৈঠকের দিন মন্ত্রী-সচিবদের মন খারাপ থাকত, ডাল ভাত খেতে হবে বলে। জিয়াউর রহমান নিজেকে কখনো আলাদা করে দেখেননি, কর্মীদের মতোই খাবার গ্রহণ করতেন। তারেক রহমানের মাধ্যমে এই উত্তরাধিকার যেন নতুনভাবে ফিরে এসেছে বাংলাদেশের রাজনীতিতে।
আজকের এই সাদামাটা মধ্যাহ্নভোজ তাই কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং এটি একটি ধারাবাহিকতার প্রতিফলন, একটি রাজনৈতিক সংস্কৃতির পুনর্জাগরণ বলেই মনে হচ্ছে।
ভবিষ্যৎ চ্যালেঞ্জ
তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়—এই সংযম কি তারা সহজে মেনে নিতে পারবেন, যারা বিগত শাসনামলের রসনা বিলাসে অভ্যস্ত? ইতিহাস আমাদের শিখিয়েছে, অনেক ভালো উদ্যোগই সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়, যদি তা প্রাতিষ্ঠানিক রূপ না পায়। রাজনৈতিক চাপ, দলের অভ্যন্তরীণ অসন্তোষ, বাস্তবতার জটিলতা—সব মিলিয়ে এই ধরনের সিদ্ধান্ত ধরে রাখা মোটেও সহজ কাজ নয়। এই জায়গাটিতেই নেতৃত্বের প্রকৃত পরীক্ষা শুরু হয়।
আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। যদি এই সংযম আমাদের নীতিতে পরিণত হয়—যদি তা প্রশাসনের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে, তাহলে এটি একটি স্থায়ী পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। সূচনা করতে পারে এক নতুন বাংলাদেশের। আর যদি তা না হয়, তাহলে এটি কেবল একটি প্রতীক হিসেবেই থেকে যাবে।
প্রধানমন্ত্রীর সাদাসিধে মধ্যাহ্নভোজ হয়তো অনেকের কাছেই খুব ছোট বিষয় মনে হতে পারে। কিন্তু যখন সেই সাধারণ খাবারের মধ্যেই একটি জাতির ভবিষ্যতের দর্শন লুকিয়ে থাকে, তখন সেটি আর ছোট থাকে না। এটি হয়ে ওঠে দীপ্ত পায়ে সামনে এগিয়ে চলার স্বপ্নিল ক্যানভাস। যেখানে সাদা ভাত, ট্যাড়শ ভাজি, লাউ-চিংড়ি আর ডিমের তরকারি নিঃশব্দে লিখে দিচ্ছে নতুন এক বাংলাদেশের গল্প।



