নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক (৮১) আর নেই। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার মগবাজার ইস্পাহানি কলোনির নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজনৈতিক জীবন
আবু নূর মোহাম্মদ বাহাউল হক নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন।
জানাজা ও দাফন
আবু নূর মোহাম্মদ বাহাউল হকের প্রথম জানাজা শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, বাদ আসর সোনারগাঁ পৌরসভার গোয়ালদী নিজ গ্রামে দ্বিতীয় জানাজা ও মাগরিব নামাজ শেষে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমি প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় তার দাফন সম্পন্ন করা হয়।
সমাজসেবা
বাহাউল হক রাজনীতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। তিনি হাই স্কুল, কারিগরি কলেজ, মা ও শিশু হাসপাতাল, নার্সিং কলেজ, চক্ষু হাসপাতাল, কিডনি সেবা কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় অসংখ্য মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।
শোক প্রকাশ
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া মামুন (সিআইপি), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



