জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ তোলেন।
পাটওয়ারী বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনটি লড়াই চলছে। এর মধ্যে অন্যতম হলো গণতান্ত্রিক লড়াই। একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য আমরা আজীবন যুদ্ধ করেছি এবং ভবিষ্যতেও লড়াই অব্যাহত থাকবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সব ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে। কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করে, তাহলে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব।
তিনি আরও বলেন, সরকার যদি দেশের সংকটগুলো নিয়ন্ত্রণ করতে না পারে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সরকারকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহি চাই। আপনি সোশ্যাল সেফটির আওতায় বিভিন্ন খাতে কার্ড দেওয়ার কথা বলেছেন, আমরা সেটাকে অভিনন্দন জানাই। কিন্তু যে টাকা ব্যস করবেন, তা বাজেটের কত শতাংশ এবং কোথা থেকে আসবে, তা জনগণের জানার অধিকার আছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী জ্বালানি সংকট প্রসঙ্গে বলেন, সরকার জ্বালানি সংকটসহ অনেক বিষয়ে জনগণের সঙ্গে লুকোচুরি খেলছে। আমরা সরকারকে অনুরোধ জানাব, দেশের প্রয়োজনে আমরা জনগণকে সেবা দিতে প্রস্তুত। কিন্তু সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সরকার বলছে জ্বালানি আছে, কিন্তু পেট্রল পাম্পে গেলে জ্বালানি পাওয়া যাচ্ছে না। তাহলে সমস্যা কোথায়? যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাহলে সরকার যদি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানায়, আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি সরকার এসব বিষয় জনগণের সামনে খোলাসা করবে।
তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীরা ফোন দিয়ে জানাচ্ছে যে লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনা করতে পারছে না। তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। বাজারে অর্থনৈতিক ব্যবস্থা নিম্নমুখী, জনগণের নাভিশ্বাস উঠছে এবং দ্রব্যমূল্য বাড়ছে। আমরা চুপিসারে শুনতে পাচ্ছি যে, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, বরং বাংলাদেশ ব্যাংক থেকে গোপনে নোট ছাপাচ্ছে।
এনসিপির এই নেতা পার্লামেন্টের আলোচনা প্রসঙ্গে বলেন, সরকারি দল ও বিরোধী দলের আলোচনা দেখে আমরা হতাশ। এনসিপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং দেশের সংকট সমাধানে সরকারের কাছে জবাবদিহি দাবি করে।



