ঢাবিকে ‘ফোকাস কোচিং সেন্টার’ বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ খান
ঢাবিকে ‘ফোকাস কোচিং সেন্টার’ বানাতে শিবিরের অপচেষ্টা: রাশেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ফোকাস কোচিং সেন্টার’ বানানোর অপচেষ্টা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খাঁন। শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ এ মন্তব্য করেন।

শিক্ষার্থীর বক্তব্য উদ্ধৃত করে মন্তব্য

পোস্টে তিনি দাবি করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তাকে বলেছেন, ‘শিবির যেভাবে নবীনবরণে খাওয়াচ্ছে, আগামীর ডাকসু শিবিরের।’ একই ধরনের বক্তব্য আরও কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকেও শুনেছেন বলে উল্লেখ করেন তিনি। রাশেদ খানের ভাষ্য, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিবির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক খাবার ও উপহার বিতরণ করছে। এর মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।

বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে

তিনি বলেন, অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আদর্শ, মতাদর্শ ও বুদ্ধিবৃত্তিক বিতর্ককেন্দ্রিক ছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন সুবিধা, উপহার ও খাবারের আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আকৃষ্ট করার প্রবণতা বাড়ছে, যা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও দাবি করেন, গত ডাকসু নির্বাচনেও ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ নামে অর্থ বিতরণ ও খাবারের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সমর্থন আদায়ের চেষ্টা করা হয়েছিল। এর ফলে ছাত্ররাজনীতির আদর্শিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে বলে তিনি মনে করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মান্নার বক্তৃতা শোনার আগ্রহ বনাম উপহারের সংস্কৃতি

ঢাবির সাবেক এই শিক্ষার্থী বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ের বটতলায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বক্তব্য শোনার জন্য শিক্ষক-শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন। কিন্তু বর্তমানে অনেক শিক্ষার্থীর আগ্রহ সীমাবদ্ধ হয়ে পড়েছে কে কী উপহার দেবে বা খাবারের আয়োজন করবে, এমন সংস্কৃতিতে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ বলে মন্তব্য করলেও তা নিয়ে খুব বেশি প্রতিবাদ হয়নি। রাশেদ খানের মতে, বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সবাইকে সচেতন হওয়ার আহ্বান

রাশেদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিবির কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ফোকাস কোচিং সেন্টার’ বানানোর অপচেষ্টাকে এবং নষ্ট ও বিবেক কেনার রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে।