নেত্রকোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু, প্রতিপক্ষের হামলার অভিযোগ
নেত্রকোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু, প্রতিপক্ষের হামলার অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) নেতা আব্দুর রহিম (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বলাইশিমুল (চকপাড়া) গ্রামের বাসিন্দা ছিলেন।

হামলার ঘটনা

গত বৃহস্পতিবার বিকেলে প্রতিপক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত হন তিনি। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বলাইশিমুল চকপাড়া গ্রামের একটি গোষ্ঠীর সঙ্গে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা নিয়ে আব্দুর রহিমের মধ্যে বিরোধ ছিল। ওই দিন বিকেলে গ্রামের রাস্তায় এক কিশোর অন্য এক নারীর শরীরে ঠেলাগাড়ি লাগিয়ে দেয়। এ নিয়ে ওই বিবাদমান দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরিবারের অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পরই আব্দুর রহিম স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের বক্তব্য

আব্দুর রহিমের ছোট ভাই আবু সাদেক বলেন, “আমার ভাই নামাজ পড়তে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হামলা করে এবং তাকে বল্লম দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

পুলিশের বক্তব্য

কেন্দুয়া থানার ওসি মেহেদি মাকসুদ বলেন, “এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ