ভোলায় আদালতে ভুল বুঝে বিষপান, বাদী হাসপাতালে
ভোলায় আদালতে ভুল বুঝে বিষপান, বাদী হাসপাতালে

ভোলায় আদালতের আদেশ সঠিকভাবে বুঝতে না পেরে এক যৌতুক মামলার বাদী এজলাসে দাঁড়িয়ে বিষপানের ঘটনা ঘটেছে। তারাভানু (৩৫) নামের ওই নারী বুধবার (২৪ জুন) দুপুরে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটান। পরে পুলিশ তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

মামলার বিবরণ ও ঘটনার সূত্রপাত

আহত নারী ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাহার উদ্দিন বলে জানা গেছে। আদালত সূত্র ও উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন, ওইদিন তার মামলার চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। এ সময় বিচারক মামলার এক নম্বর আসামি বাদীর স্বামী বাহার উদ্দিনকে রেখে অন্য দুই আসামিকে অব্যাহতি দেন। কিন্তু বিষয়টি বাদী ভুল বুঝেছেন—তিনি মনে করেছেন তার স্বামীকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় এজলাসের মধ্যেই তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তরল কিছু বের করে পান করেন।

পুলিশ ও চিকিৎসকের বক্তব্য

ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ মো. নাসির উদ্দীন বলেন, তারাভানু একটি সিআর মামলার বাদী। তিনি তার স্বামী বাহার উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা উঠার তারিখ ছিল। আদালত চলাকালে বাদী এজলাসের মধ্যেই তরল কিছু পান করেছেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরাফাতুর রহমান বলেন, হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল, তিনি পর্যবেক্ষণে রয়েছেন। তবে কী পান করেছেন এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ