গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বেলা ১১টার দিকে টঙ্গীর মিরাশপাড়া নদীবন্দর এলাকায় তুরাগ নদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
নিহতদের পরিচয়
মৃতরা হলো— টঙ্গীর পূর্ব আরিচপুর বউ বাজার এলাকার আনিসুর রহমানের ছেলে শামীম মিয়া (১৩) ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১১)। তারা উভয়ই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের সপ্তম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনার বিবরণ
টঙ্গী ফায়ার সার্ভিস জানায়, রোববার বেলা ১১টার দিকে খেলাধুলা করে তুরাগ নদে গোসল করতে নামে তিন বন্ধু— শামীম, আফনান ও শীপন। এ সময় সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থী শামীম ও আফনান নদের পানিতে তলিয়ে গেলে অপর বন্ধু শীপন দ্রুত নদ থেকে উঠে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্য
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, “খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে।”
এ বিষয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



