রাজধানীর শ্যামপুরে 'সিনিয়র–জুনিয়র' দ্বন্দ্বকে কেন্দ্র করে শাহারিয়ার সানজু (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে শ্যামপুর থানার ধোলাইপাড় উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
আহত সানজুর মামা আবু সাঈদ বলেন, সানজু ধোলাইপাড় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। দুপুরে স্কুলের ফটকে পৌঁছালে একই বিদ্যালয়ের শিক্ষার্থী জয় তাকে 'আপনি' করে কথা বলতে বলে। এ নিয়ে দুজনের মধ্যে 'সিনিয়র–জুনিয়র' বিষয়ক তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জয় একটি চাকু দিয়ে সানজুর বুকের বাঁ পাশের ওপরের অংশে আঘাত করে। এতে গুরুতর আহত হয় সে।
আহতের অবস্থা ও চিকিৎসা
আবু সাঈদ আরও জানান, ঘটনার সময় জয়ের সঙ্গে মুহিন ও মাহিনও ছিল। আহত সানজুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী সানজু হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর পরিচয়
সানজুর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার ডাগরখালী গ্রামে। সে মৃত মাহবুবের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর মীরহাজীরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকে।



