আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে আখ্যা দিয়েছেন। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রসিকিউটরের বক্তব্য
চিফ প্রসিকিউটর বলেন, ‘সত্যিই যদি সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।’ তিনি জানান, জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
মামলার বিবরণ
এসব মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক, কামাল আহমেদ মজুমদারসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে রয়েছে।
পটভূমি
এর আগে রোববার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ বছরই দেশে ফেরার কথা বলেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এরপর থেকে সে দেশেই রয়েছেন তিনি।



