রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তি হবে ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী
রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তি মিলনমেলা

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান এক ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে। শুক্রবার (২৬ জুন) বিকালে রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ২০২৮ সালে অনুষ্ঠিতব্য স্কুলটির দ্বিশত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দ্বিশত বর্ষপূর্তি অনুষ্ঠানের পরিকল্পনা

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী কলেজিয়েট স্কুল শুধু রাজশাহী বা বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের একটি গর্বের প্রতিষ্ঠান। দ্বিশত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানোর প্রস্তাবও দেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমান সেনাবাহিনী প্রধানসহ সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এই বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী। তারাও এ আয়োজনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

অত্যাধুনিক অডিটোরিয়াম ও স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাব

দ্বিশত বর্ষপূর্তি স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম বা ‘২০০ ইয়ার্স হল’ নির্মাণের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী টাওয়ারের আদলে একটি দৃষ্টিনন্দন টাওয়ার বা স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ স্মারক মেডেল

ভূমিমন্ত্রী আরও বলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা দেশবরেণ্য শিল্পী রয়েছেন, তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া অতিথিদের বড় ক্রেস্টের পরিবর্তে ব্রিটিশ মিউজিয়াম বা প্রাচীন ঐতিহ্যের আদলে বিশেষ স্মারক মেডেল প্রদান করা হবে, যা বংশপরম্পরায় সংরক্ষণ করা সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক মানের আয়োজন ও পরিচালনা কমিটি

তিনি জানান, আন্তর্জাতিক মানের আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য বিশ্বব্যাপী তুলে ধরতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বচ্ছতা ও সততার সঙ্গে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে একটি প্রাথমিক পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। দলমত নির্বিশেষে বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

উদযাপন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. বাইরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।