পল্লবী শিশু ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানি রোববার হাইকোর্টে
পল্লবী শিশু ধর্ষণ-হত্যা: জেল আপিল শুনানি রোববার

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক জেল আপিল গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামীকাল রোববার হাইকোর্টের কার্যতালিকায় উঠেছে।

বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। সোহেল রানার জেল আপিলটি ৩৪ নম্বর এবং স্বপ্না আক্তারের আবেদনটি ৩৫ নম্বর ক্রমিকে রয়েছে।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ওই মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনার ১৯ দিনের মাথায় এ রায় ঘোষণা করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র গত ৯ জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। অন্যদিকে, কারা কর্তৃপক্ষের মাধ্যমে গত ১১ জুন পৃথক জেল আপিল করেন সোহেল ও স্বপ্না।

এদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয়াদি অগ্রাধিকার ভিত্তিতে শুনতে গত ১০ জুন হাইকোর্টের একটি বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই বেঞ্চটি আগামীকাল রোববার থেকে কার্যক্রম শুরু করবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত কার্যতালিকায় দেখা গেছে, রোববার ২০টি পৃথক ডেথ রেফারেন্স শুনানির জন্য রয়েছে। এর মধ্যে ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ১৯ নম্বর ক্রমিকে এবং মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ২০ নম্বর ক্রমিকে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নুসরাত হত্যা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয়। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় গত বছরের ১৭ মে মাগুরা ট্রাইব্যুনাল শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় এবং বাকি তিন আসামিকে খালাস দেয়।