বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধনে নতুন নির্দেশনা জারি
বিদেশে বাংলাদেশিদের ভোটার নিবন্ধনে নতুন নির্দেশনা

বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে প্রথমে অনলাইনে আবেদনপত্র (ফরম-২(ক)) পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্রের সঙ্গে মেয়াদযুক্ত বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট, এনআইডিধারী তিন বাংলাদেশি নাগরিকের প্রত্যয়নপত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে বা দূতাবাসের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।

চট্টগ্রাম অঞ্চলের বিশেষ বিধান

চট্টগ্রাম অঞ্চলের বিশেষ ৫৬টি উপজেলা ও থানার নাগরিকদের জন্য অতিরিক্ত কিছু তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। এসবের মধ্যে রয়েছে বিশেষ তথ্য ফরম, শিক্ষাগত যোগ্যতার সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনে মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন সনদ, দ্বৈত নাগরিকত্ব সনদ, নিকাহনামা, স্বামী বা স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিলের কপি এবং ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাধ্যতামূলক নয় এমন কাগজ জমা দেওয়ার বিকল্প

নির্বাচন কমিশন জানিয়েছে, বাধ্যতামূলক নয় এমন কোনও তথ্য বা কাগজপত্র বিদেশে অবস্থান করে জমা দেওয়া সম্ভব না হলে আবেদনকারী তার দেশে অবস্থানরত আত্মীয়-স্বজনের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তা জমা দিতে পারবেন।

অনলাইনে আবেদন ও বায়োমেট্রিক কার্যক্রম

আবেদনকারী যে দেশে অবস্থান করছেন সেখান থেকেই অনলাইনে ফরম পূরণ, তথ্য যাচাই এবং বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হবে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের তদন্ত ও যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে দেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ