আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলার রায় হয়েছে এবং বাকি ৭৩টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন।
মন্ত্রীর বক্তব্য
রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জুলাই ২০২৪-এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মামলাগুলোর মধ্যে বর্তমানে ২২টি মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং ৫১টি মামলা তদন্তাধীন।
সাজা ও আসামির অবস্থা
তিনি জানান, নিষ্পত্তিকৃত সাতটি মামলায় মোট ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী আরও জানান, মানবতাবিরোধী অপরাধের এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এর মধ্যে ১৭৪ জন গ্রেফতার হয়েছেন, ২৮৮ জন পলাতক রয়েছেন। এছাড়া একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন খালাস পেয়েছেন।



