পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সাংবাদিক ও শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকালে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারাদেশ ও অনুমোদন
বহিষ্কৃত নেতা হলেন কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
হামলার বিবরণ
গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন (৪০) কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় একটি মোবাইলের দোকানে বসা ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম ও বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী তাকে ডেকে দোকান থেকে বের করে। এরপর রাস্তায় ফেলে তাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে তিনি দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে তাকে দ্বিতীয় দফা দোকান থেকে টেনে বের করে আবারও মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
চিকিৎসা ও পরিবারের অসন্তোষ
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হলেও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিমকে বহিষ্কার না করার ঘটনায় মোয়াজ্জেম হোসেনের পরিবার অসন্তোষ প্রকাশ করেছে।
সাংবাদিক সংগঠনের নিন্দা
এ ঘটনায় কলাপাড়া প্রেস ক্লাব, মহিপুর প্রেস ক্লাব, কুয়াকাটা প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম ও কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। তারা ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছেন।



