রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে ‘অনাকাঙ্ক্ষিতভাবে’ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনাটির তদন্তে একটি ৩ সদস্যের কমিটি গঠন করেছে দলটি।
জামায়াতের বিবৃতিতে দুঃখ প্রকাশ
মঙ্গলবার (২৩ জুন) দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন। বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনও স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনও বাধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না।
বিবৃতিতে আরও বলা হয়, আজ ধানমন্ডিতে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকদের ওপর হামলার যেই ঘটনা ঘটেছে, ওই ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনও জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত কমিটি গঠন
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে আরও বলা হয়েছে, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জামায়াতের প্রোগ্রামে গুপ্তচর কেউ এমন ঘটনা ঘটিয়েছে কিনা— সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এই ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামীকালকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মিডিয়া সেক্রেটারির প্রতিক্রিয়া
একই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার যে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা তার জন্য আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করছি।”
অ্যাডভোকেট জুবায়ের বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির আহত হয়েছেন। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং তার প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে জামায়াতে ইসলামী আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা আবারও এই অনভিপ্রেত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”



